সিলেটের ব্যবসায়ীদের জন্য ১ হাজার কোটি টাকার প্রণোদনা দেয়ার আহ্বান জানিয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়ে এ প্রণোদনার আহ্বান জানিয়েছেন সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব। গত মঙ্গলবার চেম্বারের সভাপতি এ চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, সিলেটে কোনো ভারী শিল্পপ্রতিষ্ঠান নেই। সবাই ট্রেডিং ব্যবসা, আমদানি ও রফতানির সঙ্গে জড়িত। বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা মোতাবেক গত ২৬ মার্চ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ব্যতীত সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে সারা দেশের ব্যবসা-বাণিজ্য। এর ফলে সিলেটের ব্যবসায়ীরা নজিরবিহীন আর্থিক ও ব্যবসায়িক সংকটের মুখোমুখি হয়েছেন। সবকিছু মিলিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতি ও সংকটের মুখে পড়েছেন সিলেটের ব্যবসায়ীরা। এ অবস্থা থেকে উত্তরণে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে দিতে ১ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণার আহ্বান জানিয়েছে চেম্বার।
এছাড়া বন্ধ থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের ঋণের কিস্তি স্থগিত ও সুদ মওকুফ, বিদ্যুৎ-গ্যাস-পানি ও হোল্ডিং ট্যাক্স মওকুফ, ক্ষুদ্র ব্যবসায়ীদের এককালীন নগদ প্রণোদনা, ভ্যাট রিটার্ন সময়সীমা জরিমানা ছাড়া বৃদ্ধি বা বন্ধ, কয়লা-পাথর আমদানিতে ব্যাংক ঋণ ও এলসি মার্জিনের সুদ মওকুফ, বন্ধ থাকা প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্যও ওই চিঠিতে আহ্বান জানানো হয়।