অপরিশোধিত জ্বালানি তেল

ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়াল ব্রেন্টের বাজারদর

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৮০ ডলার ছাড়িয়েছে।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৮০ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ কমে যাওয়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা বাজার আদর্শটির দাম বাড়াতে সহায়তা করেছে। খবর নাসডাক।

আইসিই ফিউচারসে গতকাল ব্রেন্টের দাম ২০ শতাংশ বেড়ে যায়। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয় ৮০ ডলার ৩১ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১১ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলের বাজারদর স্থির হয়েছে ৭৫ ডলার ৮৬ সেন্টে। 

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, জুনে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্য খুব ধীরগতিতে বেড়েছে। মূল্যস্ফীতির অব্যাহত অবনমনের কারণে দুই বছরের মধ্যে সবচেয়ে কম বেড়েছে ভোক্তামূল্য।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে সুদহার সর্বোচ্চে। এর অর্থ পরবর্তী ধাপে সুদহার বাড়ানোর সম্ভাবনা নেই ফেডারেল রিজার্ভের। এ প্রত্যাশাই অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়াতে সহায়তা করছে। 

এদিকে ওপেক প্লাস ও সৌদি আরবের এককভাবে জ্বালানি তেল উত্তোলন কমিয়ে আনার সিদ্ধান্তও দাম বাড়ার ক্ষেত্রে প্রভাব রাখছে। ফলে দুই সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ১২ শতাংশ।

আরও