ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের ডিন এবং প্রশাসনিক নীতি উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ইমরান রহমান। আজ মঙ্গলবার তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
উচ্চশিক্ষায় চার দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ইমরান রহমান এর আগে দুই মেয়াদে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক এবং ব্যবসায় প্রশাসন স্নাতক (বিবিএ) কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করেছেন।
প্রাতিষ্ঠানিক রূপান্তর, শিক্ষক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিল্প খাতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে ইমরান রহমানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
আইইউবিতে তিনি শিক্ষক ও শিক্ষাগত নেতৃত্বের মান উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির বিজনেস স্কুলকে ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রথম পছন্দ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
—বিজ্ঞপ্তি