ভারতের পাঞ্জাবে পেট্রোলের দাম কমলো ১০ রুপি

মুখ্যমন্ত্রী বলেন, পাঞ্জাবে পেট্রোলের দাম এখন এ অঞ্চলের মধ্যে সবচেয়ে সস্তা। দিল্লির সঙ্গে তুলনা করলে পাঞ্জাবে পেট্রোলের দাম ৯ রুপি কম।

কেন্দ্রীয়ভাবে জ্বালানি তেলের উপর থেকে শুল্ক কমানোর কয়েকদিনের মধ্যেই পেট্রোল ও ডিজেলের দামে ব্যাপক ছাড় দিলো ভারতের কংগ্রেস শাসিত রাজ্য পাঞ্জাব। সেখানে পেট্রোলের দাম কমানো হয়েছে ১০ রুপি আর ডিজেলের দাম কমানো হয়েছে পাঁচ রুপি। 

এ ঘটনা গত ৭০ বছরে প্রথম বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। আগামী বছরে অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্যসভার নির্বাচনের কয়েক মাস আগেই এমন ঘোষণা এলো। মুখ্যমন্ত্রী বলেন, পাঞ্জাবে পেট্রোলের দাম এখন এ অঞ্চলের মধ্যে সবচেয়ে সস্তা। দিল্লির সঙ্গে তুলনা করলে পাঞ্জাবে পেট্রোলের দাম ৯ রুপি কম।

পাঞ্জাবে এখন এক লিটার পেট্রোলের দাম ৯৬ দশমিক ১৬ রুপি আর ডিজেলের দাম ৮৪ দশমিক ৮০ রুপি। তবে এখন পর্যন্ত ভারতে সবচেয়ে কম দামে পেট্রোল ও ডিজেল পাওয়া যায় চণ্ডীগড়ে। সেখানে পেট্রোলের দাম ৯৪ দশমিক ২৩ রুপি আর ডিজেলের দাম ৮০ রুপি। দাম সবচেয়ে বেশি দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান এবং জম্বু ও কাশ্মীরে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দীপাবলির সময়ে পেট্রোল ও ডিজেলের উপর থেকে ৫ ও ১০ রুপি করে শুল্ক কমায় কেন্দ্রিয় সরকার। অনেকের ধারণা ছিলো, সেটা আসন্ন পাঁচটি রাজ্যের নির্বাচনে বিজেপিকে সমর্থন পেতে সাহায্য করবে। এর পরেই দশ বিজেপি শাসিত রাজ্য আসাম, ত্রিপুরা, মনিপুর, কর্ণাটক, গোয়া, উত্তর প্রদেশ, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরখণ্ডেও পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়। এসবের মধ্যে শুধু উত্তর প্রদেশ, উত্তরখণ্ড, গোয়া ও মনিপুরে নির্বাচন আসন্ন। 

কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট আর দাম কমানো হবে না বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রের ৪ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে পেট্রোলের উপর থেকে ভ্যাট কমেছে ১ দশমিক ৮ রূপি ও ডিজেলের উপর থেকে কমেছে ২ দশমিক ৬ রুপি। এর ফলে দেশের বার্ষিক রাজস্ব ক্ষতি হবে ১৮০০ কোটি টাকা। 

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, তারা ৩০ রুপি দাম বাড়িয়েছিলো আর এখন কমাছে মাত্র ৫ টাকা। তারপরও তারা চাইছে যেন তাদের প্রশংসা করা হয়। 

আরও