ভারতীয় দুই রাজ্যে বিভিন্ন খাতে বড় অংকের অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে আদানি গ্রুপ। এরই মধ্যে সংশ্লিষ্টদের কাছ থেকে সবুজ সংকেতও পেয়েছে প্রতিষ্ঠানটি। নতুন পরিকল্পনার আওতায় অন্ধ্র প্রদেশ ও আসামে যথাক্রমে ১ লাখ কোটি ও ৬৩ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে তারা। খবর দ্য হিন্দু।
আদানি পোর্টস অ্যান্ড এসইজেডের ব্যবস্থাপনা পরিচালক করণ আদানি গতকাল বিশাখাপত্তনমের এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি জানিয়েছেন, অন্ধ্র প্রদেশে বন্দরসহ বিভিন্ন খাতে ১ লাখ কোটি রুপির বেশি বিনিয়োগ করবে আদানি গ্রুপ।
অন্ধ্র প্রদেশকে ভারতের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার উল্লেখ করে করণ আদানি আরো জানান, এরই মধ্যে রাজ্যটিতে এক লাখের বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে করেছে আদানি গ্রুপ।
আদানি পাওয়ার ও আদানি গ্রিন এনার্জি আসাম সরকারের কাছ থেকে অত্যাধুনিক একটি তাপবিদ্যুৎ প্রকল্প ও দুটি পাম্পড স্টোরেজ প্লান্ট স্থাপনের জন্য অনুমোদন পেয়েছে। এ প্রকল্পগুলোর মাধ্যমে কোম্পানি দুটি আসামে সম্মিলিতভাবে প্রায় ৬৩ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে।
আদানি পাওয়ার আসামে ৩ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার একটি গ্রিনফিল্ড আল্ট্রা সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রায় ৪৮ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে। অন্যদিকে প্রায় ১৫ হাজার কোটি রুপি ব্যয়ে রাজ্যটিতে ২ হাজার ৭০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পাম্পড স্টোরেজ প্লান্ট স্থাপন করবে আদানি গ্রিন এনার্জি।
আসামে বিনিয়োগ প্রসঙ্গে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উত্তর-পূর্ব ভারত গুরুত্বপূর্ণ উদীয়মান অঞ্চলে পরিণত হচ্ছে এবং আমরা এর রূপান্তরে অবদান রাখতে পেরে গর্বিত। আমাদের প্রকল্পগুলো সম্মিলিতভাবে এ অঞ্চলে সবচেয়ে বড় বেসরকারি বিনিয়োগের উদাহরণ তৈরি করবে এবং জ্বালানি নিরাপত্তা, শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে দৃঢ় ভূমিকা রাখবে। এগুলো শুধু আসামকেই উজ্জীবিত করবে না, বরং সমগ্র উত্তর-পূর্ব করিডোরে অগ্রগতিকে দ্রুত করবে।’