মুদ্রাস্ফীতি, সরকারি ঋণ ও সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্বজুড়ে চাপ বেড়েছে সরকারি বন্ড বিক্রির। এর প্রভাবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি সরকারি ট্রেজারি বন্ডের সুদহার ২০২৩ সালের নভেম্বরের পর সর্বোচ্চে পৌঁছেছে। খবর আনাদোলু এজেন্সি।
যুক্তরাষ্ট্রে গত বুধবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার সর্বোচ্চ ৪ দশমিক ৮১৪ শতাংশে ওঠে। পরে দিনের শেষভাগে তা কিছুটা কমে ৪ দশমিক ৮ শতাংশের নিচে নেমে আসে। একই সময়ে ৩০ বছর মেয়াদি বন্ডের সুদহার বেড়ে ৫ দশমিক ২৮৬ শতাংশে দাঁড়ায়। অন্যদিকে দুই বছর মেয়াদি বন্ডের সুদহার ছিল প্রায় ৪ দশমিক ৪ শতাংশ। দুই বছর মেয়াদি বন্ডের সুদহার সাধারণত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদনীতি নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশার ওপর বেশি নির্ভর করে।
বন্ডের দাম ও সুদহার পরস্পর বিপরীতমুখী। বিনিয়োগকারীরা বন্ড বিক্রি করলে এর দাম কমে যায়। তখন এর সুদহার বেড়ে যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের বিভিন্ন বড় অর্থনীতিতেও বেড়েছে সরকারি বন্ডের সুদহার। মুদ্রাস্ফীতি ও সরকারের বাড়তে থাকা ঋণ নিয়ে উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি সরকারি বন্ড ধরে রাখার জন্য বেশি মুনাফা চাইছেন। এতে বিভিন্ন দেশের বন্ডবাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে।
সুদহার বাড়ার পেছনে ভূমিকা রাখছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতিও। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম একদিনে ৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯৬ ডলারে ওঠে।
জ্বালানি তেলের দাম এভাবে বাড়তে থাকলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি দীর্ঘ সময় ঊর্ধ্বমুখী থাকতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডসহ অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়াতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।