যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের কর্মী ছাঁটাই, কার্যালয় সরছে টেক্সাসে

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও টেক্সাস অঙ্গরাজ্যে বড় ধরনের কর্মী ছাঁটাই এবং স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে স্যামসাং ইলেকট্রনিকস।

প্রতিষ্ঠানটির কনজিউমার ইলেকট্রনিকস ও মোবাইল বিভাগগুলোর মুনাফা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে স্যামসাং ইলেকট্রনিকস আমেরিকা (এসইএ) সদর দপ্তর নিউ জার্সি থেকে টেক্সাসে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স।

স্যামসাং জানায়, নিউ জার্সির এঙ্গেলউড ক্লিফস কার্যালয়ের ৭৩৯ জন কর্মী এ সিদ্ধান্তের কারণে প্রভাবিত হবেন। তাদের বড় একটি অংশকে টেক্সাসে স্থানান্তরের প্রস্তাব দেয়া হয়েছে। তবে যারা স্থানান্তরে অসম্মতি জানিয়েছেন, তাদের চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে টেক্সাসের প্ল্যানো কার্যালয় থেকে মোবাইল বিভাগসহ বিভিন্ন শাখার প্রায় ১০০ কর্মীকে এরই মধ্যে ছাঁটাই করা হয়েছে। উল্লেখ্য, এক বছর আগে জাঁকজমকপূর্ণভাবে নিউ জার্সিতে নতুন কার্যালয় চালু করেছিল স্যামসাং।

বিশ্লেষকদের মতে, স্যামসাংয়ের এ কর্মী ছাঁটাইয়ের পেছনে কোম্পানির ব্যবসায়িক কাঠামোর বড় পরিবর্তন কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারের কারণে স্যামসাংয়ের চিপ (সেমিকন্ডাক্টর) বিভাগের মুনাফা রেকর্ড পরিমাণে বেড়েছে। তবে চিপের উৎপাদন খরচ বাড়ায় বিপাকে পড়েছে টেলিভিশন ও গৃহস্থালি পণ্যের মতো কনজিউমার ইলেকট্রনিকস বিভাগগুলো। উল্লেখ্য, ২০২৫ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের মোট কর্মী সংখ্যা ছিল ১১ হাজার ৭৭০।

সাম্প্রতিক ছাঁটাইয়ের পর কর্মীদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে আশঙ্কা করছেন, চিপ ব্যবসায় বেশি মনোযোগ দিতে গিয়ে কোম্পানিটি হয়তো হোম অ্যাপ্লায়েন্স ও মোবাইল বিভাগকে একীভূত করে ফেলতে পারে। তবে স্যামসাং বলছে, বৈশ্বিক পর্যায়ে এ মুহূর্তে বড় কোনো পুনর্গঠনের পরিকল্পনা নেই।

পাশাপাশি স্যামসাংয়ের তথ্যপ্রযুক্তি সেবাবিষয়ক সহযোগী প্রতিষ্ঠান ‘স্যামসাং এসডিএস আমেরিকা’ও নিউ জার্সির রিজফিল্ড পার্ক থেকে ১৭৯টি পদ বিলুপ্তির নোটিস দিয়েছে। তবে কোম্পানিটির দাবি, এটি কেবলই সদর দপ্তর স্থানান্তরের অংশ, কোনো ঢালাও ছাঁটাই নয়।

আরও