এ লক্ষ্য বাস্তবায়নে আসন্ন শীত মৌসুমে জেলায় প্রায় ৪০০ একর জমির ওপর একটি নতুন বিসিক শিল্প পার্ক স্থাপনের কাজ শুরু হবে। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে গতকাল এ তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, ‘নতুন এ পার্কে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তারা ক্রেডিট হোলসেলিং স্কিমের আওতায় ৬-৭ শতাংশ সুদহারে ঋণ সুবিধা পাবেন।’ পাশাপাশি শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে নীতিনির্ধারণী পর্যায়ে কাজ চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া চেম্বারের নবনির্বাচিত সভাপতি এমএসএম আতিকুর রহমান বাদল।
অনুষ্ঠানের উদ্বোধক সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘বগুড়াকে লাইট ইঞ্জিনিয়ারিং হাব হিসেবে গড়ে তুলতে দেশীয় খাতের পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।’ বগুড়ার উন্নয়নকে কেবল রাজনৈতিক বা আঞ্চলিক দৃষ্টিতে না দেখে জাতীয় সমৃদ্ধির অংশ হিসেবে দেখারও আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘ব্যবসায়িক যোগাযোগ সহজ করতে আগামী নভেম্বর-ডিসেম্বর নাগাদ সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত বহুল প্রতীক্ষিত ডাবল গেজ রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পাশাপাশি বগুড়া রেলস্টেশনে একটি কনটেইনার ডিপো নির্মাণ করা হবে, যা সরাসরি চট্টগ্রাম ও মোংলা বন্দরের সঙ্গে যুক্ত থাকবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন এবং বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসেন আরা বেগম।