বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের ৩ হাজার কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিম’ শীর্ষক তহবিল ব্যবহারে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ স্কিমের লক্ষ্য তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে রফতানি বহুমুখীকরণে উৎসাহিত করা। ট্রাস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন্নবী এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক আবু আলম ও যুগ্ম পরিচালক সজীব কুমার দাস এবং ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সিআরএম এবিএম মিজানুর রহমান।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, রফতানি নীতি ২০২৪-২৭-এ উল্লেখিত সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ও বিশেষ উন্নয়নমূলক খাতের শিল্পগুলো এ স্কিমের আওতায় অর্থায়ন সুবিধা পাবে। স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামাল ব্যবহারকারী রফতানিকারকদের অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে। স্কিমটির মেয়াদ তিন বছর, অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এ সুবিধা দেয়া হবে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়নের সুদহার ৪ শতাংশ এবং রফতানিকারক পর্যায়ে সর্বোচ্চ সুদহার ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।