নিলামে এনভিডিয়া সিইওর জ্যাকেট

বিক্রি ৯ লাখ ৬০ হাজার ডলারে

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ব্যবহৃত একটি কালো চামড়ার জ্যাকেট নিলামে বিক্রি হয়েছে।

পোশাকটির দাম উঠেছে ৯ লাখ ৬০ হাজার ডলার। নিউইয়র্কে শুক্রবার অনুষ্ঠিত নিলামে বিক্রি করা হয় জ্যাকেটটি। নিলাম প্রতিষ্ঠান সদবি’জ এ তথ্য জানিয়েছে।

নিলাম আয়োজক জানায়, টম ফোর্ড ব্র্যান্ডের জ্যাকেটটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ৬০ হাজার ডলার। কিন্তু শেষ পর্যন্ত এটি সেই অনুমান মূল্যের প্রায় ১৬ গুণ বেশি দামে বিক্রি হয়। জ্যাকেটটি কিনতে ৪৫ জন সংগ্রাহক প্রতিযোগিতায় অংশ নেন।

সদবি’জের আধুনিক সংগ্রহ বিভাগের প্রধান ব্রাহম ওয়াখটার বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জেনসেন হুয়াংয়ের সঙ্গে জ্যাকেটটি ঘনিষ্ঠভাবে জড়িত। সে কারণেই সংগ্রাহকদের কাছে এর বিশেষ মূল্য রয়েছে।’

৬২ বছর বয়সী জেনসেন হুয়াং ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। তার নেতৃত্বে এনভিডিয়া পরিণত হয়েছে বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা ও বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত প্রতিষ্ঠানে।

জেনসেন হুয়াংয়ের পোশাকের ধরন প্রযুক্তি অঙ্গনে বেশ পরিচিত। তিনি প্রায় সব জনসমক্ষে উপস্থিতিতেই কালো চামড়ার জ্যাকেট পরেন। ২০২১ সালে টাইম সাময়িকীর প্রচ্ছদেও তাকে একই ধরনের জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়। প্রযুক্তি বিশ্বের অনেকেই এটিকে তার ‘সিগনেচার’ পোশাক হিসেবে মনে করেন। যেমন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস কালো টার্টলনেক ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ধূসর টি-শার্টের জন্য পরিচিত ছিলেন।

নিলামে জ্যাকেট বিক্রি থেকে পাওয়া অর্থ অলাভজনক প্রতিষ্ঠান এজ ইনস্টিটিউটকে দেয়া হবে বলে জানায় সদবি’জ। প্রতিষ্ঠানটি ইংরেজি শিক্ষা ও পশ্চিমা ব্যবসা ও শিক্ষা পদ্ধতি বিষয়ে পেশাজীবীদের প্রশিক্ষণ দেয়। খবর ও ছবি জাপান টুডে

আরও