হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯.৩৩ কেজি। কাস্টমসের হিসাবে এসব স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংস্থাটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে তারা জানতে পারে, ওই দিন রাত ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাই দুবাইয়ের এফজেড-৫২৩ ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হয়েছে। ঢাকার কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটিতে বিশেষ তল্লাশি চালানোর জন্য উপস্থিত হন।
এ সময় উড়োজাহাজটি যাত্রীবিহীন অবস্থায় পাওয়া যায়। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়।
এনবিআর জানায়, তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের একটি আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় কয়েকটি প্যাকেট পাওয়া যায়। সেগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি করা হলে মোট ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬.৬৪ গ্রাম হিসেবে মোট স্বর্ণের ওজন দাঁড়ায় ৯ হাজার ৩৩১ গ্রাম।
কাস্টমস জানায়, স্বর্ণের বারগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজের আসনের নিচে কালো স্কচটেপে অত্যন্ত কৌশলে স্বর্ণের বারগুলো লুকিয়ে সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তী সময়ে এসব স্বর্ণ বিমানবন্দরের সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল।
এনবিআর আরো জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলো অধিক মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে। প্রচলিত স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণের বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।