চলতি মৌসুমে ঘাটতিতে পড়তে পারে বৈশ্বিক চিনির বাজার

বৈশ্বিক চিনির বাজার চলতি মৌসুমে প্রায় ২০ লাখ টন ঘাটতিতে পড়তে পারে। শীর্ষ উৎপাদনকারী দেশ ব্রাজিলের প্রতিকূল আবহাওয়া এ ঘাটতির পেছনে ভূমিকা রাখবে।

বৈশ্বিক চিনির বাজার চলতি মৌসুমে প্রায় ২০ লাখ টন ঘাটতিতে পড়তে পারে। শীর্ষ উৎপাদনকারী দেশ ব্রাজিলের প্রতিকূল আবহাওয়া এ ঘাটতির পেছনে ভূমিকা রাখবে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফ্রান্সভিত্তিক কমোডিটি ব্রোকার কোম্পানি সুক্রেস এট ডেনরিস (সুকডেন)। খবর রয়টার্স, হেলেনিক শিপিং নিউজ।

সুকডেনের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের চতুর্থ ও আগামী বছরের প্রথম প্রান্তিকে ব্রাজিলের কেন্দ্রীয়-দক্ষিণ অঞ্চলে অপরিশোধিত চিনি উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কমে যেতে পারে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, গত বছর চিনির অতিরিক্ত দামের কারণে উত্তর গোলার্ধের দেশগুলো আখ ও সুগার বিট উৎপাদন বাড়িয়েছে। তবে তা ব্রাজিলের ঘাটতি পূরণে যথেষ্ট হবে না।

ব্রাজিলে অনাবৃষ্টি ও দাবানলে আখের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। সুকডেন জানায়, দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারতেরও পুনরায় রফতানি শুরু করার সম্ভাবনা কম।

এদিকে ব্রাজিলে দীর্ঘস্থায়ী ও রেকর্ড খরা নিয়ে উদ্বেগের কারণে গত মাসে ছয় মাসের সর্বোচ্চে পৌঁছেছিল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম।

আখের গুণগত মান কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগও (ইউএসডিএ) ব্রাজিলে চিনি উৎপাদন পূর্বাভাস সংশোধন করেছে। ২০২৪-২৫ মৌসুমে দেশটিতে ৪ কোটি ৩০ লাখ টন চিনি উৎপাদন হতে পারে, আগের পূর্বাভাসে যা ছিল ৪ কোটি ৪০ লাখ টন।

আরও