চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। একই সঙ্গে কোম্পানিটি বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের জন্য সর্বোচ্চ ৫০০ কোটি টাকার অবসায়নযোগ্য অগ্রাধিকার শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালন পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ২০২৫-২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। তথ্য অনুযায়ী, অগ্রাধিকার শেয়ার ইস্যুর জন্য কোম্পানিটির স্মারকলিপি ও সংঘবিধি পরিবর্তনের পাশাপাশি শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন হবে।
অন্যদিকে এপেক্স ট্যানারি লিমিটেড নিজস্ব বর্জ্য শোধনাগার বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপনের প্রকল্প বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে মাটি খননের কাজ শুরু করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ সেপ্টেম্বর এপেক্স ট্যানারি তাদের প্রস্তাবিত ইটিপির জন্য মাটি খননের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। এর আগে গত ১৪ জানুয়ারি ডিএসইতে প্রকাশিত এক ঘোষণায় কোম্পানিটি নিজস্ব ব্যবস্থাপনায় প্লান্টটি স্থাপনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এপেক্স ফুটওয়্যার। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস হয়েছে ৭ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৯০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫৫ টাকা ২৫ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস হয়েছে ৮ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ২২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩৬ টাকা ৬৮ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস হয়েছে ১২ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৭৪ টাকা ৩৭ পয়সায়।
এপেক্স ফুটওয়্যারের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।
১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৬৩ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৪৬। এর ৩০ দশমিক শূন্য ৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৫ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে।