বিশেষজ্ঞদের প্রত্যাশার চেয়ে দুর্বল পারফরম্যান্স দেখাচ্ছে মার্কিন অর্থনীতির সূচকগুলো। আবার ফেডের সুদহার কমানোর সম্ভাবনাও ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে ক্রমেই বেড়ে চলেছে স্বর্ণের বাজার দর। খবর রয়টার্স।
স্পট মার্কেটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) মূল্যবান ধাতুটির দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। প্রতি আউন্স স্বর্ণ কেনাবেচা হচ্ছে ৩ হাজার ৫৪৮ ডলার ৯ সেন্টে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পণ্যটির সাপ্তাহিক দরবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২ দশমিক ৯ শতাংশে, যা বিগত তিন মাসে সর্বোচ্চ। বাজারে অব্যাহত ঊর্ধ্বমুখিতার কারণে সাপ্তাহিক দরবৃদ্ধির হার আরো বেশি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত সপ্তাহে ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের অনেকেই ইঙ্গিত দিয়েছেন, এ মুহূর্তে ফেডের সুদহার কমানোর সিদ্ধান্তে বড় প্রভাবক হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থান পরিস্থিতি। আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফেডের ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) দুই দিনব্যাপী বৈঠকে চলতি বছরের প্রথমবারের মতো সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। এক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট হারে সুদহার কমানোর সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।
এর আগে গত বুধবার স্বর্ণের দাম রেকর্ড ৩ হাজার ৫৭৮ ডলার ৫০ সেন্টে উঠে যায়, যা এখন পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক খাতে নিম্ন সুদহার স্বর্ণের বিনিয়োগযোগ্যতাকে আরো আকর্ষণীয় করে তোলে। সুদমুক্ত বিনিয়োগ হওয়ায় এ ধরনের পরিস্থিতিতে সুদযুক্ত আর্থিক অন্যান্য বিনিয়োগের তুলনায় স্বর্ণের ঝুঁকি থাকে কম।
মূল্যবান ধাতুর বাজারে অন্যান্য পণ্যের দরও এখন ঊর্ধ্বমুখী। স্পট মার্কেটে রূপার দাম দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪০ ডলার ৮১ সেন্টে। ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৮১ ডলার ৩৩ সেন্টে বিক্রি হচ্ছে প্লাটিনাম। প্যালাডিয়ামের মূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ১২৫ ডলার ৭৪ সেন্ট। আগের দিনের তুলনায় দরবৃদ্ধির হার দশমিক ২ শতাংশ।