উচ্চ শিক্ষার আন্তর্জাতিকীকরণ ও বৈশ্বিক মানদণ্ড অর্জনে কিউএস বাংলাদেশ ফোরাম

বাংলাদেশের উচ্চ শিক্ষার ভবিষ্যৎ, গবেষণার বৈশ্বিক স্বীকৃতি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দিনব্যাপী সম্মেলন ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’।

সম্প্রতি ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে এ ফোরামের আয়োজন করা হয়। আন্তর্জাতিক র‍্যাংকিং সংস্থা ‘কোয়াকোয়ারেলি সিমন্ডস (কিউএস), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সহযোগিতায় অনুষ্ঠিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস’।

ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা উচ্চ শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিধি বাড়ানো এবং পিএইচডি প্রোগ্রাম চালুর ওপর জোর দিয়ে বলেন, দেশে হাজারো গবেষক রয়েছেন, যারা তাদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন; তাই ক্রস-বর্ডার শিক্ষা ও গবেষণার ব্যাপক বিস্তার প্রয়োজন। অন্যদিকে, বিশেষ অতিথি ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, বিশ্ব র‍্যাংকিংয়ে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখনো পিছিয়ে রয়েছে এবং এ অবস্থার উত্তরণে সম্মিলিতভাবে মানোন্নয়নের মাধ্যমে বিদেশী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে হবে।

বিশ্বমানের প্রতিষ্ঠান সুনির্দিষ্ট পরিকল্পনা ও দূরদর্শী বিনিয়োগের মাধ্যমেই গড়ে তোলা সম্ভব—এ লক্ষ্যকে সামনে রেখে ফোরামে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেশন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। কিউএস র‍্যাংকিংস মেথডোলজি এবং কিউএস র‍্যাংকিংস ২০২৮ সাইকেল বিষয়ে পৃথক দুটি সেশন অনুষ্ঠিত হয়। ফোরামে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অংশগ্রহণে ফ্রম ক্যাম্পাস টু ক্যাপাবিলিটি: ক্লোজিং বাংলাদেশের ফিউচার স্কিলস গ্যাপ ইন দ্য এআই এরা এবং অ্যাক্সিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন হায়ার এডুকেশন শীর্ষক দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মদক্ষতা, শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয়, উচ্চ শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করা হয়।

উচ্চ শিক্ষার এ আন্তর্জাতিক ফোরামে কিউএসের ভাইস প্রেসিডেন্ট-স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট ড. অশ্বিন ফার্নান্দেজ, চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান এবং রিজিওনাল পার্টনারশিপস ডিরেক্টর রেমি আয়াদ বক্তব্য রাখেন।

এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও এপিইউবির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে আরো বক্তব্য দেন এপিইউবির সভাপতি ড. মো. সবুর খান, এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার এবং সমাপনী বক্তব্য দেন এআইইউবির সাবেক উপাচার্য ও একাডেমিক উপদেষ্টা ড. কারমেন জিটা লামাগনা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, ট্রাস্টি বোর্ডের সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, নীতিনির্ধারক, সরকারি প্রতিনিধি, কূটনৈতিক মিশনের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী এবং শিল্প খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬-এ উচ্চ শিক্ষার আন্তর্জাতিকীকরণ, গবেষণার বৈশ্বিক দৃশ্যমানতা, শিক্ষার্থীদের ফলাফল ও সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস ২০২৮ সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি অভিন্ন ও বাস্তবসম্মত প্রস্তুতি এবং উন্নয়ন রোডম্যাপ তৈরির বিষয়েও আলোচনা হয়। আয়োজকদের মতে, এটি কেবল একটি সম্মেলন নয়; বরং বিশ্ববিদ্যালয়, সরকার, আন্তর্জাতিক অংশীদার এবং শিল্প খাতের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের উচ্চ শিক্ষাকে বৈশ্বিক মানে উন্নীত করার এক সুনির্দিষ্ট রোডম্যাপ, যা দেশের শিক্ষা খাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো বেশি পরিচিত করে তুলবে।

আরও