আইইউবিএটির চার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম পেল আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) চারটি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) অর্জন করেছে।

বিএইটিই অ্যাক্রেডিটেশন হলো একটি স্বাধীন বিশেষজ্ঞ সংস্থা কর্তৃক কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ও গুণগত মানের আনুষ্ঠানিক স্বীকৃতি। বাংলাদেশে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মান নিশ্চিত করার একমাত্র অনুমোদিত সংস্থা হলো ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) অধীনস্থ ‘বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন’ (বিএইটিই)।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি অগ্রণী প্রতিষ্ঠান। প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্লাহ মিয়ানের হাত ধরে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি শুরু থেকেই একাডেমিক উৎকর্ষ, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আইইউবিএটির চারটি মূল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), সিভিল ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিইএমই)—আইইবির অধীন বিএইটিই কর্তৃক ওয়াশিংটন অ্যাকর্ডের আওতায় ছয় বছরের জন্য আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন লাভ করেছে। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চারটি প্রোগ্রামের একসঙ্গে এ স্বীকৃতি অর্জন একটি অনন্য সাফল্য।

আন্তর্জাতিক এ স্বীকৃতি উদযাপনে গত মঙ্গলবার আইইউবিএটি ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার ও পরিচালক (প্রশাসন) অধ্যাপক সেলিনা নার্গিস, কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. দেওয়ান মুহাম্মদ নুরুজ্জামান, আইইউবিএটি স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. উৎপল কান্তি দাস এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামসহ শিক্ষক ও কর্মকর্তারা। আলোচনা অনুষ্ঠান শেষে একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ সংগীত পরিবেশন করে, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রব বলেন, ‘এ সংস্থা যখন কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, ল্যাবরেটরি ও কারিকুলাম পুঙ্খানুপুঙ্খ যাচাই করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঠিক পায়, তখনই সে প্রোগ্রামকে অ্যাক্রেডিটেশন প্রদান করে। বিএইটিই যেহেতু আন্তর্জাতিক চুক্তি ‘ওয়াশিংটন অ্যাকর্ড’-এর পূর্ণ সদস্য, তাই তাদের দেয়া এ স্বীকৃতির গুরুত্ব বিশ্বজুড়ে। ফলে এ আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জন করা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী শিক্ষার্থীরা বিশ্বের উন্নত দেশগুলোয় বাড়তি কোনো যোগ্যতা যাচাই ছাড়াই উচ্চশিক্ষা ও বহুজাতিক কর্মসংস্থানের ক্ষেত্রে সমমর্যাদা ও বিশেষ অগ্রাধিকার লাভ করতে পারেন।

এ আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের ফলে সংশ্লিষ্ট প্রোগ্রামগুলোর শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশিপ অর্জন এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ক্ষেত্রে অধিক সুযোগ ও গ্রহণযোগ্যতা লাভ করবে। পাশাপাশি নিয়মিত মূল্যায়নের মাধ্যমে কারিকুলাম ও শিক্ষাদানের মান আরো উন্নত হবে। এছাড়া ওয়াশিংটন অ্যাকর্ডভুক্ত এ স্বীকৃতি ভবিষ্যতে বৈশ্বিক কর্মসংস্থান ও পেশাগত স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও