শিক্ষার গুণগত মান বাড়ানো এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে ফলভিত্তিক শিক্ষা পাঠ্যক্রমের (আউটকাম বেজড এডুকেশন) সঠিক বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
বাউবির গাজীপুর ক্যাম্পাসে গতকাল উপাচার্যের সম্মেলনকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে ‘ফলভিত্তিক পাঠ্যক্রমে পাঠদান ও মূল্যায়ন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, প্রচলিত পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ফলভিত্তিক শিক্ষা পাঠ্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ পাঠ্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও কর্মশালা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এ উদ্যোগ অন্য বিভাগের জন্যও অনুসরণযোগ্য হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, ফলভিত্তিক শিক্ষা পাঠ্যক্রম সফলভাবে বাস্তবায়নে অভিজ্ঞ শিক্ষকদের দক্ষতা কাজে লাগাতে হবে। পাঠদান ও মূল্যায়নের সীমাবদ্ধতা দূর করে শিক্ষার মান বাড়াতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন।
কর্মশালায় ইতিহাস বিভাগের অধ্যাপক ও প্রশিক্ষক ড. মোহাম্মদ আবুল কাওসার ফলভিত্তিক শিক্ষা পাঠ্যক্রমের গুরুত্ব, এর বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন।