বাংলা মাধ্যম থেকেও যাওয়া যাবে ইংলিশ মিডিয়ামে

বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে একটি প্রচলিত ধারণা হলো ইংলিশ মিডিয়ামে পড়তে হলে শুরু থেকেই সে ধারায় থাকতে হবে।

বাস্তবে বিষয়টি এমন নয়। সঠিক প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে বাংলা মাধ্যম বা ইংলিশ ভার্সন থেকেও ইংলিশ মিডিয়ামে সফলভাবে স্থানান্তর হওয়া সম্ভব এবং প্রতি বছর অনেক শিক্ষার্থী এ পথ অনুসরণ করছে। সাধারণত দেখা যায়, অনেক শিক্ষার্থী সপ্তম-দশম শ্রেণী সম্পন্ন করার পর ইংলিশ মিডিয়ামে স্থানান্তর হয়। এর প্রধান কারণ আন্তর্জাতিক মানের সার্টিফিকেট অর্জন এবং উচ্চশিক্ষার জন্য বৈশ্বিক সুযোগ তৈরি করা। বিশেষ করে যারা বিদেশে পড়াশোনার লক্ষ্য রাখে, তাদের জন্য এ পরিবর্তন একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়।

তবে পরিবর্তনটি সহজ নয়। এটি একটি সচেতন ও পরিকল্পিত রূপান্তর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংরেজি ভাষার দক্ষতা। বাংলা মাধ্যম থেকে আসা শিক্ষার্থীদের জন্য শুরুতে ইংরেজিতে পড়া, লেখা ও বিষয় বুঝতে কিছুটা চ্যালেঞ্জ হতে পারে। তাই স্থানান্তরের আগে বা শুরুর পর্যায়ে নিয়মিত ইংরেজি পড়া, লেখা ও শোনা অনুশীলন করা অত্যন্ত জরুরি।

পাঠ্যপদ্ধতির পরিবর্তন একটি বড় বিষয়। ইংলিশ মিডিয়ামে মুখস্থনির্ভরতার পরিবর্তে ধারণাভিত্তিক শিক্ষা দেয়া হয়। ফলে শিক্ষার্থীদের শুধু তথ্য মনে রাখলেই হয় না, বরং সে তথ্য বিশ্লেষণ ও প্রয়োগ করতে হয়। এ পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও ধীরে ধীরে শিক্ষার্থীরা এতে অভ্যস্ত হয়ে ওঠে। বিষয় নির্বাচনের কৌশল গুরুত্বপূর্ণ। নতুন পরিবেশে এসে অনেক বিষয় একসঙ্গে নেয়ার পরিবর্তে শিক্ষার্থীদের উচিত নিজের সক্ষমতা ও আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচন করা। এতে চাপ কম থাকে এবং শেখার প্রক্রিয়া আরো কার্যকর হয়।

আমার দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতায় দেখেছি, বাংলা মাধ্যম থেকে আসা অনেক শিক্ষার্থী অল্প সময়ের মধ্যেই ইংলিশ মিডিয়ামে চমৎকারভাবে মানিয়ে নিয়েছে। তাদের মধ্যে অনেকেই পরবর্তী সময়ে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলে অসাধারণ ফলাফল করেছে এবং দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এখানে একটি বিষয় স্পষ্টভাবে বলা জরুরি—মাধ্যম পরিবর্তন নয়, বরং মানসিক প্রস্তুতি ও অধ্যবসায়ই সাফল্যের মূল চাবিকাঠি। যে শিক্ষার্থী শিখতে আগ্রহী, পরিশ্রমী এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত, সে যেকোনো মাধ্যমেই সফল হতে পারে। বাংলা মাধ্যম থেকে ইংলিশ মিডিয়ামে যাওয়া একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পথ। সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাস থাকলে এ পরিবর্তন শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

আরও