কৈশোরে কাজী নজরুল ইসলাম এসেছিলেন ময়মনসিংহের ত্রিশালে, প্রায় ১১০ বছর পূর্বে। তার পরলোকগমনের ৩০ বছর পর কৈশোরের স্মৃতিধন্য ত্রিশালে স্থাপন করা তারই নামে বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার আট বছর পর বিশ্ববিদ্যালয়ে কবির অমর স্মৃতি রক্ষা, তার জীবন ও সাহিত্য, সংগীত ও সামগ্রিক অবদান সম্পর্কে পাঠদান, গবেষণা পরিচালনা, রচনাবলি সংগ্রহ, সংরক্ষণ, প্রকাশনা ও প্রচার এবং তার ভাবমূর্তি দেশে-বিদেশে উজ্জ্বলরূপে তুলে ধরার লক্ষ্যে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ, যা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশের প্রথম ও একমাত্র নজরুল গবেষণা ইনস্টিটিউট।
ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ও বাংলা বিভাগের অধ্যাপক এবং জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বর্তমানে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক ড. সৌমিত্র শেখরের উদ্যোগে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ইনস্টিটিউটে চালু করা হয়েছে এমফিল প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ে সব বিভাগে ‘নজরুল-স্টাডিজ’ আবশ্যিক কোর্স হিসেবে চালু রয়েছে। এ কোর্সের জন্য এরইমধ্যে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ কর্তৃক এক অভিন্ন সিলেবাস প্রণয়ন করা হয়েছে।
সৌমিত্র শেখর বলেন, ‘কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মকে স্মরণীয় করে রাখার জন্য “ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ’ একটি প্রাতিষ্ঠানিক বা একাডেমিক পদক্ষেপ। বাংলা সাহিত্য, সংস্কৃতি, সভ্যতার সমৃদ্ধি নির্মাণে নজরুলের অবদান অবিস্মরণীয় এবং তা আমাদের জীবন উত্তরোত্তর বিকাশের সঙ্গে অবিচ্ছেদ্য। তাই কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংগীতসংক্রান্ত উপকরণ সংগ্রহ, অনুশীলন, সংরক্ষণ, গবেষণা, প্রকাশনা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন ‘ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ’-এর উদ্দেশ্য।
ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ ২০১৫-১৬ অর্থবছর থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা প্রকল্পে অনুদান প্রদান করে আসছে। ২০১৫-১৬ অর্থবছরে একজন, ২০১৬-১৭ অর্থবছরে এক, ২০১৭-১৮ অর্থবছরে তিন, ২০১৮-১৯ অর্থবছরে ছয়, ২০১৯-২০ অর্থবছরে ১৫, ২০২১-২২ অর্থবছরে ১৭ ও ২০২২-২৩ অর্থবছরে ৩০ জন গবেষণা প্রকল্পের অনুদানে গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন।
প্রতি বছর স্নাতক (সম্মান) নিয়মিত শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতি বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। কলা অনুষদে প্রমীলা বৃত্তি, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে কাজী সব্যসাচী বৃত্তি, সামাজিক বিজ্ঞান অনুষদে কাজী অনিরুদ্ধ বৃত্তি, ব্যবসায় প্রশাসন অনুষদে বুলবুল বৃত্তি, চারুকলা অনুষদে উমা কাজী বৃত্তি ও আইন অনুষদে কল্যাণী কাজী বৃত্তি পেয়েছেন। এখন পর্যন্ত আটটি শিক্ষাবর্ষে ৯১ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
ইনস্টিটিউটটি বিভিন্ন সময়ে প্রকাশ করেছে গ্রন্থ, অ্যালবাম, প্রামাণ্যচিত্র ও জার্নাল। গ্রন্থের মধ্যে উপাচার্য সৌমিত্র শেখরের সম্পাদনায় ২০২২ সালে প্রকাশিত ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে নজরুল’, ‘নজরুল স্টাডিজ পাঠ্যপুস্তক’, ২০১৫ সালে মোহীত উল আলম ও রাশেদুল আনামের সম্পাদনায় প্রকাশিত ‘নজরুলের ত্রিশাল আগমনের একশ বছর’ উল্লেখযোগ্য। ২০২২ সালে প্রকাশিত হয় নজরুল প্রতিকৃতি চিত্র অ্যালবাম ‘কায়ায় ছায়ায় নজরুল’। ভারতের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নজরুল সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের সঙ্গে যৌথভাবে প্রকাশ করা হয়েছে নজরুলবিষয়ক আন্তর্জাতিক গবেষণাপত্র ‘নজরুল জার্নাল’-এর দুটি সংখ্যা। ইনস্টিটিউট কর্তৃক এ বছরই দিনব্যাপী আয়োজন করা হয় International Nazrul Conference on Global Realities of Nazrul Studies’ (নজরুল অধ্যয়নের বৈশ্বিক বাস্তবতা) শীর্ষক আন্তর্জাতিক নজরুল কনফারেন্স।
ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও ইরানের ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ দ্বিপক্ষীয় গবেষণা চুক্তির মাধ্যমে নজরুলের গবেষণা ও কর্ম নিয়ে গবেষণার দ্বার উন্মোচিত হয়েছে। নজরুল জন্মজয়ন্তী-২০১৮ উপলক্ষে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ এবং চারুকলা বিভাগের যৌথ উদ্যোগে নজরুল প্রতিকৃতি চিত্রবিষয়ক ‘নজরুল আর্ট ক্যাম্প’ আয়োজন করে যেখানে চারুকলা বিভাগের ৩১ শিক্ষার্থী অংশগ্রহণ করে।