ড্যাফোডিলে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এআই বিল্ডার্স কংগ্রেস

অংশ নেবেন ৫ হাজারের বেশি প্রতিযোগী

আয়োজকরা জানিয়েছেন, এটি প্রচলিত কোনো হ্যাকাথন বা এক দিনের সম্মেলন নয়। জুলাইয়ে শুরু হওয়া এ আয়োজন ছয় মাসব্যাপী একটি নির্মাণযাত্রা। এর সমাপনী হিসেবে ২৬ ডিসেম্বর এক দিনের বৈশ্বিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে ১১টি বৈশ্বিক ক্ষেত্র ও ৫৫টি চ্যালেঞ্জের আওতায় বাস্তব সমস্যার সমাধানে কাজ করবেন ৫ হাজারের বেশি এআই নির্মাতা।

‘যেখানে বিশ্বের এআই বিল্ডাররা তৈরি করে আগামীর প্রযুক্তি’ প্রতিপাদ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬’। আগামী ২৬ ডিসেম্বর সকাল ৭টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাভারের বিরুলিয়া ক্যাম্পাসে এ আয়োজন হবে। এতে ৫ হাজারের বেশি এআই নির্মাতা অংশ নেবেন।

বুধবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের গ্রিন গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ক্লাউডক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় কংগ্রেসটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এর নিবন্ধন শুরু হয়েছে। এতে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে এবং এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকরা জানিয়েছেন, এটি প্রচলিত কোনো হ্যাকাথন বা এক দিনের সম্মেলন নয়। জুলাইয়ে শুরু হওয়া এ আয়োজন ছয় মাসব্যাপী একটি নির্মাণযাত্রা। এর সমাপনী হিসেবে ২৬ ডিসেম্বর এক দিনের বৈশ্বিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে ১১টি বৈশ্বিক ক্ষেত্র ও ৫৫টি চ্যালেঞ্জের আওতায় বাস্তব সমস্যার সমাধানে কাজ করবেন ৫ হাজারের বেশি এআই নির্মাতা।

আয়োজনের প্রতিযোগিতা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। ‘দলীয় পণ্য প্রতিযোগিতা’য় তিন থেকে পাঁচ সদস্যের দল ছয় মাস ধরে ব্যবহার উপযোগী একটি এআই পণ্য তৈরি করবে।

অন্যদিকে ‘এআই-নির্ভর একক নির্দেশনায় অ্যাপ্লিকেশন তৈরির চ্যালেঞ্জে’ নির্বাচিত ৫০০ প্রতিযোগী আয়োজনের দিন মাত্র একটি প্রধান নির্দেশনা ব্যবহার করে এক ঘণ্টার মধ্যে ব্যবসায়িক মানের একটি অ্যাপ্লিকেশন তৈরি করবেন।

অংশগ্রহণকারীদের জন্য পরামর্শক সহায়তা, বৈশ্বিক প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে সহযোগিতা এবং ‘অপরচুনিটি কানেক্ট’ নামে একটি প্ল্যাটফর্ম থাকবে। এর মাধ্যমে চাকরি, শিক্ষানবিশ, বিনিয়োগ ও বৃত্তির সুযোগ নিয়ে নিয়োগদাতা, বিনিয়োগকারী ও উচ্চশিক্ষা পরামর্শদাতাদের সঙ্গে পূর্বনির্ধারিত একান্ত বৈঠকের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

আয়োজনের দিন বিশেষজ্ঞ বিচারক প্যানেল পাঁচটি মানদণ্ডে প্রকল্প মূল্যায়ন করবে। এগুলো হলো উদ্ভাবন, কারিগরি দক্ষতা, ব্যবসায়িক সম্ভাবনা, বৈশ্বিক পরিসরে সম্প্রসারণের সক্ষমতা এবং দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা।

বিজয়ীদের জন্য প্রায় ১০ লাখ টাকা নগদ পুরস্কার, ট্রফি, সম্মাননা ও সনদ থাকবে। এর পাশাপাশি অংশীদারদের বিভিন্ন সুবিধা, গণমাধ্যমে স্বীকৃতি এবং বৈশ্বিক প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগও দেয়া হবে।

সংবাদ সম্মেলনে ক্লাউডক্যাম্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মাহদী-উজ-জামান বলেন, ‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস’ কোনো এক দিনের আয়োজন নয়। এটি ছয় মাসের একটি যাত্রা, যেখানে তরুণরা শেখা ও তৈরির মাধ্যমে নিজেদের বৈশ্বিক এআই নির্মাতা হিসেবে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির বলেন, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, দেশের তরুণ শিক্ষার্থীদের বৈশ্বিক মানের একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মে নিয়ে আসার সুযোগ। এর মাধ্যমে তারা সরাসরি বাস্তব সমস্যার সমাধানে কাজ করার অভিজ্ঞতা অর্জন করবেন।

আয়োজনটির প্রধান অংশীদার আনোয়ার গ্রুপ। সহযোগী অংশীদার রোবাস্ট, সৃজনশীল অংশীদার সিনবর্ন এবং প্রযুক্তি অংশীদার হিসেবে রয়েছে এডব্লিউএস, লাভেবল, ক্যারিয়ার ক্যানভাস ও অ্যাস্ট্রোনাস টেক।

আরও