উত্তরা থেকে হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেফতার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে জব্দ আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উত্তরা সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিট।

গ্রেফতাররা হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ(৪০) ও মাহমুদুল হাসান (২১)।

সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিটিটিসির জানতে পারে, উত্তরা সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কয়েকজন সদস্য শুক্রবার বাইতুল মোকাররাম মসজিদ এলাকায় 'মার্চ ফর খিলাফা' নামে একটি সমাবেশ করার পরিকল্পনা করছে। তাদের এ তৎপরতা প্রতিরোধে সিটিটিসির একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।

ওই সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে জব্দ আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।

গ্রেফতারদের অন্য সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সিটিটিসির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরও