গাইবান্ধার পলাশবাড়ী ফিলিং স্টেশনে পেট্রল নেয়া নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। আজ বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। ঘটনার সঙ্গে জড়িত রেজওয়ান (২৭) নামের এক যুবককে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পাম্পে শৃঙ্খলার সঙ্গে বাইকাররা পেট্রল নিচ্ছিলেন। দুপুরের দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ানের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ছুরি দিয়ে আঘাত করলে তিনজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।