বরগুনা থেকে আরো ৫ পুলিশ সদস্যকে অপসারণ

বরগুনা সদর থানার এএসআই সাগর, পুলিশ লাইনসের কনস্টেবল রাফিউল ও ডিবি পুলিশের কনস্টেবল কে এম সানিকে ভোলা জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে

জাতীয় শোক দিবসে ছাত্রলীগ নেতা-কর্মীদের লাঠিপেটার ঘটনায় বরগুনায় আরও পাঁচ পুলিশ সদস্যকে সরিয়ে নেয়া হয়েছে। এর আগে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে সরিয়ে নেয়া হয়।

গতকাল মঙ্গলবার রাতে পাঁচ সদস্যকে সরানোর কথা সাংবাদিকদের জানান জেলা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক।

তিনি জানান, বরগুনা সদর থানার এএসআই সাগর, পুলিশ লাইনসের কনস্টেবল রাফিউল ও ডিবি পুলিশের কনস্টেবল কে এম সানিকে ভোলা জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া ডিবি পুলিশের এএসআই ইসমাইল ও কনস্টেবল রুহুল আমিনকে পিরোজপুর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।

গত সোমবার বরগুনা শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হয় শতাধিক। ওই ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে দেশজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সেখান থেকে ফেরার পথে শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা করে। এতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হয় শতাধিক নেতা-কর্মী।

আরও