কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের নগর শরীফ গ্রামে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহত দুই শিশু হলেন- তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাতেমা ইয়াসমিন ও চতুর্থ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস। তারা উভয়েই চিওড়া ইউনিয়নের নগর শরীফ গ্রামের বাসিন্দা।
লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলম ও চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে দুই শিক্ষার্থী বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময়েও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।