লেবাননের দক্ষিনাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের শুভ দাসের (২৮) মরদেহ আজ রোববার সকালে তার নিজ বাড়িতে পৌঁছেছে। দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর তার মরদেহ নিজ গ্রামে পৌঁছালে স্বজনদের আজাহারীতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। শুভ দাস শ্রীপতিপুর গ্রামের দরিদ্র ভ্যানচালক সুরঞ্জন দাস ও ধানচাতাল শ্রমিক শিখা দাসের মেজো ছেলে।
দরিদ্র পরিবারের দুই শতক বসতভিটা বিক্রি করে আড়াই বছর আগে লেবানন এ যান তিনি। চার ভাই-বোনের মধ্যে শুভকে নিয়েই সবচেয়ে বেশি স্বপ্ন ছিল পরিবারটির।
গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকা জেবদিন এলাকায় ইসরাইলের ড্রোন হামলা চালালে এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কলারোয়ার শুভ দাস, সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ।
এর মধ্যে শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ গত ২৭ জুন দেশে আনা সম্ভব হলেও প্রশাসনিক জটিলতায় শুভ দাসের মরদেহ আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে এতদিন পর তার মরদেহ নিজ মাতৃভূমিতে পৌঁছালো।
শুভ দাসের স্বজনরা জানান, আড়াই বছর আগে পরিবারের অভাব-অনটন দূর করতে জমি ও গবাদিপশু বিক্রি করে শুভ দাসকে লেবাননে পাঠায় তার পরিবার। বাবার ভ্যান চালানো উপার্জন আর মায়ের ধানচাতালের হাড়ভাঙা খাটুনি থেকে মুক্তি দেয়াই ছিল শুভর একমাত্র লক্ষ্য। কিন্তু ভাগ্য বদলের সেই স্বপ্ন তছনছ করে দেয় ইসরায়েলের ড্রোন হামলা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় অফিসের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে ৮৫ হাজার টাকার চেক গতকাল রাতেই দেয়া হয়েছে। চলতি মাসে আরো ৩ লাখ ও কয়েকমাস পর জীবন বীমার আরো ১০ লক্ষ টাকা অনুদান পাবেন।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, শুভ দাসের পরিবারকে প্রাথমিক পর্যায়ে মরদেহ বহনের জন্য ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে মারা যাওয়ার কারণে ৫০ হাজার টাকা সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে। আগামীতে বীমার অর্থসহ অন্যান্য অনুদানও পাবেন তার পরিবার।