কুমিল্লায় ৩০০ হতদরিদ্রকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল দিনব্যাপী খন্দকার জাহানারা-কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর দক্ষিণ চর্থা এলাকায় ফাউন্ডেশনের হলরুমে সেবা দেয়া হয়। এ কার্যক্রমে সহযোগিতা করে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল।
গতকাল সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা কেবল টিভির সহসভাপতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল আলম খন্দকার। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কোহিনুর আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. ফাহাদ বিন হোসেন, ডা. খন্দকার শাহীনুর আক্তার শান্তা, ভার্ড আই কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক মো. নুর হোসেন মিয়া, যুবলীগ নেতা আবুল হাশেম খন্দকার, ইব্রাহিম হোসেন প্রমুখ।
এদিন ৫০ জন হতদরিদ্র নারী-পুরুষের চোখ অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়। এছাড়া বাকি রোগীদের চিকিৎসাসহ বিনা মূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয়।
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কোহিনুর আক্তার বলেন, ‘আমার
মেয়ে চিকিৎসক হওয়ার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, সে এলাকার সাধারণ মানুষকে বিনা মূল্যে সেবা প্রদান করবে। এ চক্ষু চিকিৎসা সেবার মধ্য দিয়ে আমার সে স্বপ্ন পূরণ হয়েছে। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন এভাবেই সাধারণ মানুষের সেবা করে যাব।’