এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজে পুনর্বাসন করে মূলধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (৪ এপ্রিল) দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বেসরকারি এতিমখানা ও আশ্রমের মাঝে ক্যাপিটেশন গ্রান্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
রাষ্ট্র পরিচালনা ইমোশন বা আবেগ দিয়ে হয় না উল্লেখ করে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি তার নির্বাচনি ম্যানিফেস্টোতে যা বলেছে, তা অক্ষরে অক্ষরে পালন করবে। জনগণের ভোটে ক্ষমতায় এসে তাদের সঙ্গে কোন প্রতারণা করা হবে না।
তিনি আরো বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জাতীয় সনদকে বিএনপি একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করে এবং তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুদান ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী জানান, পূর্ববর্তী সময়ে বিভিন্ন ক্রাইটেরিয়ায় সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে প্রায় ৭০ শতাংশ ভুয়া ছিল, যা বর্তমান সরকার সংশোধনের উদ্যোগ নিয়েছে।
এতিমখানা পরিচালনাকারীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, শিশুদের নিজের সন্তানের মতো লালন-পালন করতে হবে। একই সঙ্গে সমাজসেবা ও সংশ্লিষ্ট অধিদফতরের কর্মকর্তাদের নিয়মিত সরেজমিনে তদারকি জোরদারের নির্দেশনা দেন। এতিম শিশুদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার না করার বিষয়ে কঠোর সতর্কতাও দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এ সময় জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সাংসদ সাদিক রিয়াজ পিনাক, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক আব্দুল মতিন, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক বাবু চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার সদর উপজেলা, বিরল, কাহারোল, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর ও খানসামা উপজেলার ১০৬টি বেসরকারি এতিমখানা ও আশ্রমের ৩০২৪ জন এতিম শিশুর মাঝে ৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার ক্যাপিটেশন গ্রান্ডের চেক বিতরণ করা হয়।