নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত

নরসিংদীর শিবপুর উপজেলায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

গতকাল বেলা দেড়টার দিকে উপজেলার ইটাখলা-মঠখোলা আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিজের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে ও স্বাধীনের বাড়ি বাদুয়ারচরের পুরানপাড়ায়।

পুলিশ ও নিহতের বন্ধুরা জানায়, আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। গতকাল তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। বাজনাব এলাকায় পৌঁছলে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শিবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।’

আরও