দূষিত শহরের তালিকায় তিন নম্বরে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

আজ সকাল ১০টা ৫৫ মিনিটে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় তিন নম্বরে অবস্থান করছে ঢাকা। ২৫৩ স্কোর নিয়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাসের ক্যাটাগরিতে অবস্থান করছে রাজধানী শহর।

গত কয়েকদিনের মধ্যে রাজধানী ঢাকার বায়ুমানে আজ দেখা গেছে উল্লেখযোগ্য অবনতি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুসারে, আজ সকাল ১০টা ৫৫ মিনিটে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় তিন নম্বরে অবস্থান করছে ঢাকা। ২৫৩ স্কোর নিয়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাসের ক্যাটাগরিতে অবস্থান করছে রাজধানী শহর।

গত কিছুদিন ধরেই ঢাকার বায়ুমান গড়ে ১৫১-২০০ স্কোরের মধ্যেই উঠানামা করেছে। শুষ্কতা ও বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় স্কোর ২০০ টপকে যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সবার উপরে ভারতের রাজধানী নয়াদিল্লি। ৫১৮ স্কোর নিয়ে দুর্যোগপূর্ণ ক্যাটাগরিতে অবস্থান শহরটির। এরপরেই আছে পাকিস্তানের শহর লাহোর। ৩৯২ স্কোর নিয়ে নয়াদিল্লীর ক্যাটাগরিতেই অবস্থান করছে পাকিস্তানের এ শহর।

তালিকার চার ও পাঁচ নম্বরেও আছে পাকিস্তান ও ভারতের শহর। করাচি ২১৭ স্কোর নিয়ে চতুর্থ এবং ১৯৪ স্কোর নিয়ে পরের অবস্থানে কলকাতা।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

আরও