ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী ঝরে পড়েছেন। ১৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করা ১৪৩ জনের মধ্যে ৪২ জন বা প্রায় ৩০ শতাংশেরই মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। ভোটার স্বাক্ষরের ভুল ও অপর্যাপ্ততা, ঋণখেলাপি, দলীয় মনোনয়নে বিভ্রান্তি ও দ্বৈত নাগরিকত্বের কারণ দেখিয়ে এসব প্রার্থিতা বাতিল করা হয়। প্রার্থীদের বড় অংশই স্বতন্ত্র যাদের প্রায় ৯০ শতাংশই ভোটার স্বাক্ষরসংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়েছেন।
বাদ পড়া প্রার্থীদের অভিযোগ, নির্বাচন কমিশনের বর্তমান নিয়মকানুন স্বতন্ত্র প্রার্থীদের জন্য অতিরিক্ত জটিল করে তোলা হয়েছে। বিধি অনুযায়ী নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের নাম, স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্র নম্বর-সংবলিত ফরম জমা দেয়ার পরও প্রার্থিতা বাতিল হয়েছে।
নিয়ম অনুসারে সংসদীয় আসনের আওতাভুক্ত নির্বাচনী এলাকার ১ শতাংশ এ বিষয়ে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা বশির আহমদ জানান, নির্বাচনী আইন অনুযায়ী মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করে বৈধ ও অবৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ ঘোষিত প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের একজন চট্টগ্রাম-১ (মিরসরাই) থেকে একমাত্র স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি। তার জমা দেয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তির স্বাক্ষর পাওয়া গেছে। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার ও আহমেদ কবিরের মনোনয়নপত্রও বাতিল করা হয়। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মোজাহেদুল মাওলা ঋণখেলাপি ও স্বাক্ষর জটিলতা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিকের দুটি ওয়ার্ড) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. নুরুর রশিদ স্বাক্ষর জটিলতা, চট্টগ্রাম-৫ (হাটহাজারি) আসনে তিন স্বতন্ত্র প্রার্থী সাকিলা ফারজানা, এসএম ফজলুল হক ও মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চসিকের ২ ওয়ার্ড) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আজাদ চৌধুরীও স্বাক্ষর জটিলতায় বাদ পড়েছেন।
চট্টগ্রাম-৯ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের স্বতন্ত্র প্রার্থী মিলন কান্তি শর্মা স্বাক্ষরকৃত ভোটারদের অমিল ও নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার তথ্য না দেয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়। চট্টগ্রাম-১০ (কোতোয়ালি) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ওমর ইউসুফ খান ও মোহাম্মদ আরমান আলী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে সৈয়দ সাদাত হোসেন ও মুহাম্মদ শাখাওয়াত হোসেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মোহাম্মদ মিজানুল হক চৌধুরী ও মোহাম্মদ নুরুল আনোয়ার বাদ পড়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ১৪৩ জনের মধ্যে ১৯ জন স্বতন্ত্র প্রার্থী থেকে মাত্র দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এদের দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ লেয়াকত আলীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
মোহাম্মদ লেয়াকত আলী বণিক বার্তাকে বলেন, ‘চট্টগ্রামের বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে নানা জটিলতা কিংবা স্বাক্ষরের কারণে। কিন্তু আমার কাগজপত্র শতভাগ ঠিক থাকায় মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বড় দুই রাজনৈতিক দলের ভিড়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। সাধারণ মানুষ আমাকে নির্বাচনে দেখতে চায় বলেই আমার সমর্থনপত্রে স্বাক্ষর দিয়ে সমর্থন করেছেন। আমি এই মানুষগুলোর জন্য শেষ পর্যন্ত লড়াই করব।’
চট্টগ্রাম-১ আসনে ১০ জনের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আশরাফ সিদ্দিকী এবং জাতীয় পার্টির (জাকের) মোহাম্মদ এরশাদ উল্লাহ। চট্টগ্রাম-২ আসনে নয়জনের মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র জিন্নাত আক্তার ও আহাম্মদ কবির, খেলাফত মজলিসের আশরাফ বিন ইউসুফ এবং গণঅধিকার পরিষদের রিয়াজুল হাসান।
চট্টগ্রাম-৩ আসনে পাঁচটি মনোনয়নপত্রের মধ্যে তিনটি বাতিল বা অবৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন জাতীয় পার্টির এমএম সালাম, স্বতন্ত্র মোজাহেদুল মাওলা ও ইসলামী আন্দোলনের মো. আমজাদ হোসেন। চট্টগ্রাম-৪ আসনে ১০ জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী নুরুল রশীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। চট্টগ্রাম-৫ আসনে ১০ জনের মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র এসএম ফজলুল হক, ব্যারিস্টার শাকিলা ফারজানা ও মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ।
এ প্রসঙ্গে চট্টগ্রাম-৪ আসনে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী মো. নুরুর রশীদ বণিক বার্তাকে বলেন, ‘আমি প্রায় সাড়ে ছয় হাজার সমর্থকের স্বাক্ষরসহ হলফনামা জমা দিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন যখন দৈবচয়নের ভিত্তিতে ১০ জনকে শনাক্তে যোগাযোগ করেছে—হয়তো কেউ ফোন ধরেনি বা এলাকায় না থাকায় তাকে পায়নি, সে কারণে আমার প্রার্থিতা বাতিল করেছে। এটা কোনো নিয়ম হতে পারে না। আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি।’
চট্টগ্রাম-৬ আসনে দাখিল করা পাঁচ প্রার্থীর সব মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম-৭ আসনে নয়জনের মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন এবি পার্টির মো. আবদুর রহমান, গণঅধিকার পরিষদের মো. বেলাল উদ্দিন ও কমিউনিস্ট পার্টির প্রমোদ বড়ুয়া। চট্টগ্রাম-৮ আসনে নয়জনের মধ্যে কমিউনিস্ট পার্টির মো. সাহাব উদ্দিন ও স্বতন্ত্র মো. আজাদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
চট্টগ্রাম-৯ আসনে ১২ জনের মধ্যে চারজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তারা হলেন নাগরিক ঐক্যের নুরুল আবছার মজুমদার, জেএসডির আবদুল মোমেন চৌধুরী, জামায়াতে ইসলামীর ডা. একেএম ফজলুল হক ও স্বতন্ত্র মিলন কান্তি কর্মকার। চট্টগ্রাম-১০ আসনে ১১ জনের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন স্বতন্ত্র মোহাম্মদ আরমান আলী ও মো. ওমর ইউসুফ খান, জাতীয় পার্টির মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী, লেবার পার্টির মো. ওসমান গনি এবং খেলাফত মজলিসের মো. আলী ওসমান।
চট্টগ্রাম-১১ আসনে ১৩ জনের মধ্যে চারজনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন স্বতন্ত্র মো. জাহাঙ্গীর ভূঁইয়া, ইসলামী আন্দোলনের নূর উদ্দিন, গণঅধিকার পরিষদের মো. নেজাম উদ্দিন ও বিএনপির একেএম আবু তাহের। চট্টগ্রাম-১২ আসনে ১১ জনের মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন এলডিপির এমএ ইয়াকুব আলী, জাতীয় পার্টির সিরাজুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র সৈয়দ সাদাত আহমেদ ও মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
চট্টগ্রাম-১৩ ও ১৪ আসনে নয়জনের মধ্যে দুজনের করে মনোনয়নপত্র বাতিল হয়েছে। চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির মো. আলী আব্বাস ও গণঅধিকার পরিষদের মো. মুজিবুর রহমান এবং চট্টগ্রাম-১৪ আসনে স্বতন্ত্র মোহাম্মদ মিজানুল হক চৌধুরী ও নুরুল আনোয়ারের প্রার্থিতা বাতিল করা হয়েছে। চট্টগ্রাম-১৫ আসনে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ রয়েছে। চট্টগ্রাম-১৬ আসনে নয়জনের মধ্যে গণঅধিকার পরিষদের মো. আরিফুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।