চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে শুকরানী বেগম খালেদা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শুকরানী বেগম চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শুকরানীর চাচাতো ভাই মামুন ও নিয়ামত আলী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় শুকরানীর মা-বাবাসহ আরো তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।