সুন্দরবনঘেঁষা খুলনার কয়রা উপজেলার পূর্ব ঘড়িলাল এলাকা থেকে তিন মণ হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় শাহ আলম নামে এক শিকারিকে আটক করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান জানান, সোমবার ভোরে নিয়মিত টহলের সময় কয়রার পূর্ব ঘড়িলাল এলাকায় একটি নৌকায় তল্লাশি করে প্রায় ১২০ কেজি হরিণের মাংস পাওয়া যায়। এ সময় শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। শাহ আলম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পারসেমারি গ্রামের বাসিন্দা।
কর্নেল আব্দুর রহমান জানান, নৌকায় থাকা অন্য শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধার করা মাংস ও আটক ব্যক্তিকে বন বিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে। কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় জানান, আটক শাহ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।