দিনাজপুরের পার্বতীপুরে বালু বোঝাই ড্রাম ট্রাকে দোলনচাঁপা এক্সপ্রেসের ধাক্কায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার ভোর ৪টার দিকে মনমথপুর-চিরিরবন্দর আউটার সিগন্যাল সংলগ্ন যশাই মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত দিনাজপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বগিগুলো লাইনে তোলার কাজ চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ট্রেনের কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকারম জানান, ভোর ৪টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেসের খালি গাড়ি নিয়ে দিনাজপুরে যাওয়ার পথে যশাই মোড় সংলগ্ন ৬ নম্বর রেলগেট পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। রেলগেট খোলা থাকায় বালু বোঝাই একটি ড্রাম ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রাকটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রেনের চালক আব্দুর রশিদ সরকার গুরুতর আহত হন।
জানা গেছে, এ ঘটনায় ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনের সঙ্গে থাকা গার্ড ব্রেকটি (৫৩০৫) রেললাইন থেকে পাশে উল্টে যায়। এ ঘটনার পর থেকে দিনাজপুরের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান জানান, ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে ও বগিগুলো লাইনে তুলতে কাজ চলছে।