চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় ২৬ দিনে রায়

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি মনির হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

গতকাল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (মহানগর), চট্টগ্রামের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। মামলাটি দায়েরের ২৬ দিনের মধ্যে এবং বিচার কার্যক্রম শুরুর আট কার্যদিবসে এ রায় দেয়া হলো।

আদালত জানান, শিশুধর্ষণ শুধু শিশুর শারীরিক ক্ষতিই করে না, তার মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনযাপনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, পরিবার ও সমাজের যৌথ দায়িত্ব বলেও উল্লেখ করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদুল আলম চৌধুরী জানান, বিচার শুরু হওয়ার মাত্র আট কার্যদিবসের মধ্যে মামলার নিষ্পত্তি হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২১ মে বাকলিয়া এলাকার চেয়ারম্যানঘাটায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার দাবিতে বিক্ষোভ শুরু হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে কৌশলে অভিযুক্তকে নিরাপদে থানায় নিয়ে যাওয়া হয়।

পরদিন ২২ মে শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পাঁচ কার্যদিবসের মধ্যে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। ৯ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

রায় ঘোষণার পর শিশুটির মা সন্তোষ প্রকাশ করে জানান, তারা ন্যায়বিচার পেয়েছেন। তবে মৃত্যুদণ্ড হলে আরো সন্তুষ্ট হতেন।

উল্লেখ্য, একই দিনে চট্টগ্রাম আদালতে আরেকটি আলোচিত মামলারও রায় ঘোষণা করা হয়। শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণ ও হত্যার ঘটনায় আসামি মো. আবিরকে মৃত্যুদণ্ড দেন আদালত। দুটি মামলার রায়কে কেন্দ্র করে দিনভর আদালত প্রাঙ্গণে ছিল ব্যাপক জনসমাগম।

আরও