মেট্রোরেল বিয়ারিং প্যাড দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। এতে বলা হয়েছে, যে দুটি বিয়ারিং প্যাড পিলার থেকে খুলে পড়ে, বুয়েটের ল্যাবে পরীক্ষা করে সেগুলো যথাযথ মানে পাওয়া যায়নি। একইভাবে যে স্থান থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে, সেখানকার ভায়াডাক্টের (উড়ালপথ) নকশাতেও ত্রুটি রয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে এ তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।
তবে মানহীন বিয়ারিং প্যাড ও নকশায় ত্রুটি থাকলেও মেট্রোরেলের এ লাইনে ট্রেন চলাচল করতে পারবে বলে মনে করছেন তদন্ত কমিটির সদস্যরা। এক্ষেত্রে বিয়ারিং প্যাডগুলো নিয়মিত নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন তারা।