নেত্রকোনা পৌর শহরের বড় রেল স্টেশন এলাকায় মোহাম্মদ (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী গ্রামীণ ফোনের টাওয়ারে উঠে আটকে যায়। পাঁচ ঘণ্টা আটকে থাকার পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে।
মোহাম্মদ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাবুল বিশ্বের ছেলে। সে মাদ্রাসাতুল আরকান নামে একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকালে বড় রেল স্টেশন সংলগ্ন গ্রামীণ ফোনের একটি টাওয়ারের উপর উঠেছিল মোহাম্মদ। কিন্তু এরপর অনেকক্ষণ চেষ্টার পরও নামতে পারেনি। স্থানীয়রাও চেষ্টা করে তাকে নিচে নামাতে না পারায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। শেষ পর্যন্ত দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা উপরে উঠে রশি দিয়ে বেঁধে শিশুটিকে নিচে নামায়। পরে তাকে চিকিৎসা দিতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এসময় ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারসহ ফায়ার সার্ভিস ঊর্ধ্বতন কর্মকর্তারা।