ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় আব্দুল কাদের (৩৬) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাদের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা এলাকার তাজেল হাওলাদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় বরিশালগামী অন্য একটি বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।