দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, হেলপারসহ দুজন নিহত

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে আসা ঢাকাগামী বাস হেরিটেজ ট্রাভেলস ধাক্কা দেয়

দিনাজপুরের বিরামপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের হেলপারসহ নিহত হয়েছেন দুজন। আহত হয়েছে অন্তত ১০ জন।

আজ ভোর ৫টায় বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় দিনাজপুর-গাইবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, মোশারফ হোসেন বাবু মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। অন্যদিকে আহত ১০ জনকে উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে আসা ঢাকাগামী বাস হেরিটেজ ট্রাভেলস ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

বিরামপুর থানার উপ পরিদর্শক আমির হুসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

আরও