বাংলাদেশ ব্যাংক

আসল নোটের আদলে ‘নমুনা টাকা’ ও বিভ্রান্তিকর ভিডিও তৈরি দণ্ডনীয় অপরাধ

প্রচলিত ব্যাংক নোটের সদৃশ কাগজ বা বস্তু তৈরি, ব্যবহার, বিতরণ বা প্রচারণায় ব্যবহারের মতো কার্যক্রম দণ্ডবিধি, ১৮৬০–এর ধারা ৪৮৯(৩) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য প্রচারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩–এর ধারা ২৫–এও সাজার বিধান রয়েছে।

বাজারে আসল নোটের সদৃশ ‘নমুনা নোট’ ব্যবহার করে প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও তৈরির বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড মুদ্রা ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করে এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলেছে যে, সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে আসল নোটের ডিজাইন ও আকারের অনুকরণে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহার করে বিভিন্ন কন্টেন্ট বা মার্কেটিং প্রচারণা চালানো হচ্ছে। কখনো কখনো আসল নোটের চেয়ে বড় আকারের কাগজ ব্যবহার করে ব্যবসায়িক প্রচারণাও চালানো হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই ধরনের কর্মকাণ্ড বাজারে জাল নোটের প্রচলন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

সংস্থাটি জানায়, প্রচলিত ব্যাংক নোটের সদৃশ কাগজ বা বস্তু তৈরি, ব্যবহার, বিতরণ বা প্রচারণায় ব্যবহারের মতো কার্যক্রম দণ্ডবিধি, ১৮৬০–এর ধারা ৪৮৯(৩) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য প্রচারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩–এর ধারা ২৫–এও সাজার বিধান রয়েছে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব কর্মকাণ্ডে যুক্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে সতর্ক থেকে জাল নোট প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেছে, বিভ্রান্তিকর ভিডিও বা কনটেন্ট তৈরি ও প্রচার থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে নোট–সংক্রান্ত তথ্য দেখার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সাঈদা খানম জানান, এসব অপরাধে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাল নোটের বিস্তার রোধে সাধারণ মানুষকে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে অননুমোদিত কন্টেন্ট তৈরি বা বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.bb.org.bd) ভিজিট করার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তির শেষে বলা হয়েছে, ‘আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন।‘

আরও