মাগুরায় দুদিনব্যাপী সমন্বিত সামাজিক উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন, বাংলাদেশ ফাইন্যান্স, রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি ও আফরোজা বেগম হাসপাতালের সমন্বিত উদ্যোগে শুক্র ও শনিবার আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনমান উন্নয়ন।
কর্মসূচিতে সমাজে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষা ও ডিজিটাল শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষাসামগ্রী ব্যবহারের পাশাপাশি তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করতে পারবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে সাইকেল বিতরণ করা হয়। একই সঙ্গে আফরোজা বেগম হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হয়। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
কর্মসূচিতে নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। ক্ষুদ্র উদ্যোক্তা নারীদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়, যা তাদের আত্মনির্ভরশীলতা ও ক্ষুদ্র ব্যবসা বিকাশে সহায়ক হবে। পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সের উদ্যোগে একটি আর্থিক সাক্ষরতা ক্যাম্প আয়োজন করা হয়, যেখানে সঞ্চয়, আর্থিক পরিকল্পনা, দায়িত্বশীল ঋণ গ্রহণ ও প্রাতিষ্ঠানিক আর্থিক সেবা বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।
বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটির সাবেক প্রেসিডেন্ট এবং হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. কায়সার হামিদ বলেন, এ উদ্যোগ সমাজ উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি আমাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। আমরা প্রচলিত আর্থিক সেবার গণ্ডি ছাড়িয়ে সমাজের সার্বিক কল্যাণে কাজ করে যেতে চাই।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুর রশীদ বিশ্বাস, রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটির প্রেসিডেন্ট হাসান আহমেদ চৌধুরি, বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল হাইসহ অন্যান্য অতিথিরা। তারা সবাই টেকসই সামাজিক পরিবর্তন আনতে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সার্বিক কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান মো. আব্দুল গফুর, মাগুরা-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্জ মনোয়ার হোসেন খান, জামায়াতের দুই আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল মতিন ও মো. আব্দুল বাকের, বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক শাহীনুর ইসলামসহ স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় জনগণ ও উপকারভোগীরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, ডিজিটাল অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়নে এর ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করেন।
এ যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্স, হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন, রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি ও আফরোজা বেগম হাসপাতাল একটি অন্তর্ভুক্তিমূলক ও ক্ষমতায়িত বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।