বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না। সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।’
গতকাল রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। এর আগে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের বৈঠক হয়। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তনের আভাস দিয়ে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘কোনো নির্দিষ্ট দেশ নয়, বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি।’
নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যানকে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানোর প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘অভিনন্দন জানিয়েছেন। সেখানে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ ও সম্পর্ক উন্নয়নের বিষয়টি এসেছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘অতীতের যেকোনো সময়ের মতো এবারো বাংলাদেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে।’ এ জয়কে তিনি মানুষের ‘আস্থা’ হিসেবেই দেখছেন। এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকাদের নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে জাতীয় সরকার গঠন করা হবে।
এছাড়া গণতন্ত্রকে টেকসই করতে রাজনৈতিক শিষ্টাচারের ওপর গুরুত্ব আরোপ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। তিনি বলেন, ‘সংসদের ভেতর ও বাইরে উভয় ক্ষেত্রেই রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা জরুরি। এটি বজায় থাকলে দেশের গণতান্ত্রিক কাঠামো আরো শক্তিশালী হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি ১ লাখ ১৫ হাজার ২১ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৭৩ হাজার ৭৫২ ভোট।