ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সুয়াগাজী বাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে এবং সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা থেকে দখলদারমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানটি পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা গেছে, সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছিল। এছাড়া সড়কের পাশে ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠে। বিভিন্ন সময় কাঁচামালের দোকানদার ও ভাসমান দোকানদাররা এসব দোকানপাটকে ঘিরেই আবার মহাসড়কের ওপর বাজার বসায়। যে কারণে মহাসড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল ব্যাহত হয়।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী যানবাহন সুয়াগাজী বাজার স্ট্যান্ডের নির্ধারিত জায়গায় না দাঁড়িয়ে জনবহুল বাজার এলাকায় দাঁড়াতে গিয়ে জটলা সৃষ্টি করে। ঈদের সময় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেলে সুয়াগাজী বাজারে যানজটের সৃষ্টি হয়। বিগত সময়ে সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিস দেয়া হলেও তা অপসারণ করা হয়নি। সম্প্রতি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও ঈদ প্রস্তুতি সভায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার মহাসড়কের সুয়াগাজী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান বলেন, ঈদে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ঘরমুখো মানুষের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা মহাসড়কে যান চলাচল নিরবচ্ছিন্ন করার জন্য মহাসড়কের ওপরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছি। সুয়াগাজী বাজার সড়ক ও জনপথ বিভাগের জায়গায় যত অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নিমসার ও সুয়াগাজী দুটি গুরুত্বপূর্ণ বাজার। সুয়াগাজী বাজারে অন্তত ১ হাজার ৪০০ দোকানপাট রয়েছে। এর মধ্যে কিছু অবৈধ ব্যবসায়ী মহাসড়কের ফুটপাত দখল করে দোকান করেছে এবং কেউ কেউ সড়কের ওপরেও চলে আসে। এছাড়া এক শ্রেণীর মানুষ এসব দোকান থেকে অবৈধভাবে টাকা উত্তোলন করে সুবিধা ভোগ করছে। আমরা এসব অনিয়ম বন্ধ করে মহাসড়ক নিরবচ্ছিন্ন রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।