কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাজহারুল ইসলাম (২৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় পুলিশের পাঁচজন সদস্যও আহত হন। গতকাল ভোরে জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিমসিংহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাজহার জেলার দেবীদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। মাজহারের বিরুদ্ধে বুড়িচং ও বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কে বুড়িচং উপজেলার পশ্চিমসিংহ এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর আমি ও ডিবির পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষে গোলাগুলির এক পর্যায়ে ডাকাত মাজহার গুলিবিদ্ধ হয়ে আহত হন। মাজহারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, রামদা, ছুরি, দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।