ব্যাংকের লেনদেন ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। নতুন সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। তবে লেনদেন চলবে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গিয়েছে. সাধারণত ব্যাংকে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন ও ৬টা পর্যন্ত অফিস সময় থাকে। তবে চলতি বছর আগস্টে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোর পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্যও নতুন সময় বেঁধে দিয়েছিল সরকার। সেই সময়সূচি অনুযায়ী বর্তমানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস এবং ৩টা পর্যন্ত লেনদেন চলছে। সম্প্রতি সরকারি অফিস শুরু ও শেষের সময় ১ ঘণ্টা করে বাড়ানোর পর ব্যাংকগুলোর সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ব্যাংক।
নতুন সিদ্ধান্ত কার্যকরের পর ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমবে। বর্তমানে অফিস শুরু ও শেষের সময় এক ঘণ্টা এগোলেও আগের মতোই অফিস সময় ৮ ঘণ্টা এবং লেনদেন সময় ৬ ঘণ্টা বহাল আছে।