রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সায়মন স্ট্রোকে গুরুতর অসুস্থ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ নেয়।
এর আগে শনিবার ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন সায়মন। এর পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়া হয়।
সহপাঠী সৌরভ জানান, সকালে সায়মন ঘুমাচ্ছিলেন। ঘুমের মধ্যে তিনি খাট থেকে পড়ে যান। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে দেখা যায়, তার শরীর শক্ত হয়ে গেছে। এরপর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
সৌরভ আরো জানান, প্রথমে তারা বুঝতে পারছিলেন না সায়মনের কী হয়েছে। পরে সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সায়মনকে দেখে স্ট্রোকের কথা জানান। এর আগেও তিনি দুইবার স্ট্রোক করেছিলেন। পরে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করেন এবং সায়মনকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়।
সায়মনের প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় স্নায়ুবিজ্ঞান ও হাসপাতাল ইনস্টিটিউটে নেয়া হয়েছে বলে জানান তার সহপাঠী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানান, সায়মনের অসুস্থতার খবর পাওয়ার পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রের ব্যবস্থা করে। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
উপাচার্য বলেন, রাজধানীর জাতীয় স্নায়ুবিজ্ঞান ও হাসপাতাল ইনস্টিটিউটে এ ধরনের রোগীর উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সড়কপথে নেয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। তিনি সায়মনের সুস্থতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবার কাছে দোয়া কামনা করেন।