কুমিল্লা নগরীতে মাদকবিরোধী মানববন্ধনে হামলা ও গুলির ঘটনায় মামলা হয়েছে। গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের (১৩) বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় সাব্বির ও অপুসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শ্রাবণ নামে একজনকে আটক করা হয়েছে।
এদিকে গুলিবিদ্ধ প্রেম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসাধীন রয়েছে। তার শরীর থেকে এখনো গুলি বের করা সম্ভব হয়নি বলে জানান বাবা ইউনুছ মিয়া। তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা গুলি বের করতে না পারায় গতকাল সন্ধ্যায় ছেলেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। সেখানে অপারেশন থিয়েটারে নেয়া হলেও এখনো অস্ত্রোপচার করা হয়নি।