ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ময়না হত্যা মামলার ১ নম্বর পলাতক আসামি হোসেন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট (নয়নপুর) থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া হোসেন মিয়া (৪৫) বিজয়নগরের আতকাপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
র্যাব জানিয়েছে, পূর্ব বিরোধের জেরে গত ১৩ ফেব্রুয়ারি একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনাকে কেন্দ্র করে বরপক্ষের সঙ্গে এলাকার লোকজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দু পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়। এরই সূত্র ধরে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকেই ওত পেতে ছিল। ওই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভুক্তভোগী ময়না মনিপুর বন্দর বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। মারামারির একপর্যায়ে প্রধান আসামি হোসেন বল্লম দিয়ে ময়নার বুকের বাম পাশে গুরুতর আঘাত করে।
পরে ময়নার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ভুক্তভোগীর মা বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই র্যাব-৯ আসামিকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।
গ্রেফতারের পর হোসেন মিয়াকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানিয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে।