মুন্সিগঞ্জে কাভার্ড ভ্যান-লরির সংঘর্ষে নিহত ১

নিহত হেলপারের নাম অন্তর দাস (১৮)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। আহত কাভার্ড ভ্যান চালকের নাম নুরুল আলম (৪০)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

গতকাল দিবাগত রাত সোয়া ২টার দিকে গজারিয়া থানার দড়ি বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম অন্তর দাস (১৮)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। আহত কাভার্ড ভ্যান চালকের নাম নুরুল আলম (৪০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ঢাকামুখী লেন থেকে চট্টগ্রামমুখী লেনে যাওয়ার জন্য একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নিচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি লরি কাভার্ড ভ্যানটির ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও লরির হেলপার কেবিনের ভেতরে আটকে পড়েন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অন্তর দাসকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত নুরুল আলমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও