অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর থেকে ভারতীয় নাগরিকসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোরে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—অসীম কুমার অধিকারী, টুম্পা রানী অধিকারী, প্রাণ গোপাল অধিকারী, সাথী খাতুন, এমডি মমিন, জহির খালাসী, মো. নজরুল খন্দকার, সৌরভ রায়, শেখ সিরাজুল ইসলাম, ইয়াসিন আলম, মোছা. রুকসানা বেগম, সুপ্রকাশ মৃধা, মো. সেলিম রেজা, নারগিস বেগম, লোকমান শেখ, আজমিরা, মো. ইব্রাহিম, মো. ফারুক হোসেন, মোছা. রুপা খাতুন, হাবিবা আক্তার এবং ভারতের বর্ধমান জেলার নাগরিক সুরমা। আকটকৃত বাংলাদেশীরা যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁ ও পিরোজপুর জেলার বাসিন্দা।
ঝিনাইদহ মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী ভারতে যাচ্ছে এবং ভারত থেকে একজন বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করছে, গোপনে এ খবর পেয়ে অভিযান চালান তারা। অভিযানে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পুরুষ, নারী ও শিশুসহ ২১ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন ভারতীয় নাগরিক।