কুড়িগ্রামে দেখা মিলল চার পা-ওয়ালা কানি বকের

কুড়িগ্রামের ফুলবাড়িতে চার পা-ওয়ালা কানি বকের দেখা মিলেছে। বকটির দুই পা স্বাভাবিক থাকলেও অন্য দুটি অস্বাভাবিক আকারের ছোট। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের হাড়ি-পাতিল ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদের বাড়িতে। চার পা-ওয়ালা কানি বক পাওয়ার খবর শুনে সেটি দেখতে প্রতিদিন ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাড়ি-পাতিল বিক্রি করে সংসার চালান আব্দুর রশিদ। পেশার তাগিদে উপজেলার শহর থেকে গ্রাম-গঞ্জে ছুটে বেড়ান। প্রতিদিনের মত গত বুধবার হাড়ি-পাতিল বিক্রি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ। পুকুর পাড়ের রাস্তার দিয়ে ফেরার সময় একটি কানি বক দাঁড়িয়ে থাকতে দেখেন। কাছে যেতেই হঠাৎ তার চোখ পড়ে বকটির পায়ের দিকে। আবিষ্কার করেন, দুটি নয়, চারটি পা নিয়ে দাড়িয়ে আছে বকটি। কৌশলে বকটি ধরে বাড়িতে নিয়ে আসেন।

আব্দুর রশিদ জানান, বকটি প্রথমে দেখে অবাক হই। খুব আগ্রহ জাগে। বকটি কৌশলে ধরে এনে খাঁচায় রেখেছি। খাবার হিসেবে বাজার থেকে মাছ কিনে আনি। বকটির বেশ যত্ন নেয়া হচ্ছে।

আব্দুর রশিদের বাড়িতে বক দেখতে আসা আমিরুল জানান, জীবনে অনেক বক দেখেছি। কিন্তু চার পা-ওয়ালা বক কখনো দেখিনি। সবই আল্লাহর ইচ্ছা।

ফুলবাড়ি প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাপতি বক। গ্রামের মানুষজনের কাছে কানি বক বলে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়েছে।

আরও